আজ্রাইল মহামতি আইল বায়ুর গতি
রসূলের পুরীর দুয়ারে।
রসূলের নাম ধরি ডাকি কহে ভক্তি করি
আজ্ঞা মাগে যাইতে অন্তঃপুরে॥
পএগাম্বরে ফাতেমারে কহিলেন্ত দেখিবারে
দ্বারেতে আসিছে কোন জন।
কি কারণে অন্তঃপুরে ডাকি কহে আসিবারে
বুঝ গিয়া তার বিবরণ॥
রসূলের আজ্ঞা পাই ফাতেমা গেলেন্ত ধাই
দেখিলা আরব একজন।
বিবি ফাতেমারে দেখি সততার চরিত্র লখি
সালাম করিলা সেইক্ষণ॥
আরবের দেখি মুখ জন্মিল অধিক দুখ
ভএ ভীত মনে বাসি ডর।
হৈয়া অতি কম্পমান বিচলিত হৈল জ্ঞান
সালামের দিলা প্রত্যুত্তর॥
বোলে আজ্ঞা দেও মোরে দেখিবারে রসূলেরে
পুরী-মধ্যে করিতে প্রবেশ।
বলিলেন্ত ফাতিমাএ যাইতে তুমি না জুয়াএ
রসূলের অসুখ বিশেষ॥
তবে ফাতেমাএ যাই কহিল বাপের ঠাঁই
আরব আসিছে একজন।
আজ্ঞা মাগে আসিবারে তোমা দেখা করিবারে
কহিতে ত তোমাতে বচন॥
শুনি দুহিতার বাণী নিজ মনে অনুমানি
রসূল কহিল ফাতেমারে।
সদাএ তোমার প্রতি মোহর গৌরব অতি
তোমার যে গৌরব মোহরে॥
মোহর যে প্রাণের প্রাণ তুমি বিনে নাহি আন
তুমি মোর আঁখির পুতলি।
মোর চিত্ত বৃক্ষফল তুমি গন্ধ সুশীতল
হৃদয় লতার তুমি কলি॥
যে জন আসিছে দ্বারে আরব না বল তারে
এহি জন মৃত্যু অধিপতি।
বাপ রাখি পুত্র নিব বাপের সন্তাপ দিব
পুত্র থুইয়া বাপ নিব হরি॥
তোমার বাপের জীব যে জনে হরিয়া নিব
হত পিতা করিব তোমারে।
আসব্বা সভানেরে রাখি অনাথ পএগাম্বরে
বিধবা করিব আয়শারে॥
হাছন হোছেন দুই অন-মাতামহ হই
রহিবেন্ত যাহার কারণ।
সেই জন আসিয়াছে আসিব মোহর কাছে
হরি নিব মোহর জীবন।
বাপ মাএ ত থুই পুত্র কৈন্যা লৈয়া যাএ
বাপেরে মাএরে দিয়া শোক।
যে হস্তে ভাইরে ভিন্ন যে করএ অনুদিন
যে হরি লৈ যাএ উপভোগ॥
নারীকে বিধবা করি পতিক লৈ যাএ হরি
পতি রাখি লৈ যাএ যুবতী।
মিত্র হন্তে মিত্র নিয়া মিত্রেরে সন্তাপ দিয়া
গৌরব না রাখে কনে প্রতি॥
শুনহ ফাতেমা সুতা যে জনে কহিল কথা
তোমা সনে আরবের ভেস।
যারে দেখি পাইলা ভয় সে লোক আরব নয়
সেই মৃত্যুপতি সর্ব দেশ॥
এহি আজ্রাইল নাম আসিয়াছে মোর ধাম
জীব মোর হরিতে কারণ।
তুমি তথা যাও চলি দ্বারে গিয়া দেও মেলি
বোল গিয়া আসিতে কারণ॥
ফাতেমা দ্বারেতে গেলা কপাট মেলিয়া দিলা
প্রবেশ করিলা আজ্রাইল।
রসূলের আগে আসি মনেত গৌরব বাসি
ভক্তিভাবে সালাম করিল॥
রসূলে বলিল ভাই কহ দেখি মোর ঠঁাই
কি কারণে করিছ পএয়ান।
ভোলাইতে তুমি মোরে আসিয়াছ মোর ঘরে
নয়তু কিবা কাড়িতে জীবন॥
রসূলের বাক্য শুনি কহিলা আজ্রাইল পুনি
আজ্ঞা দিছে প্রভু করতার।
যদি আজ্ঞা কর তুমি প্রাণ কাড়িবারে আমি
আসিয়াছি গোচরে তোমার॥
এত শুনি পএগাম্বর লাগিলেন্ত কহিবার
শোন আজ্রাইল মহাশএ।
যদি মোরে কৃপা কর মোর এক বোল ধর
মোর প্রতি হইয়া সদএ॥
জিজ্ঞাসিল দূতবরে কি আজ্ঞা করিবা মোরে
কহ যে রসূল মহামতি।
ধরিমু তোমার বোল হইমু দাসের তুল
আজ্ঞা না লঙঘিমু জান অতি॥
রসূলে বলিয়া ভাই কহি যে তোমার ঠঁাই
জিবরিল যাবত্ আইসএ।
তাবত্ পরাণ মোর দেহতে না কর দূর
আইলে প্রাণ কাড়িএ নিশ্চএ॥
ভাই জিবরিলের মুখ দেখিয়া খন্ডিএ দুখ
অন্য ২ সালাম করিমু।
দোহান নির্জনে বসি এক দুই কথা কহি
অবিনাশ পুরেত যাইমু॥