অমন করিয়া কেন বহিয়া না যায় রে 
                      মানব জীবন?
অমনি চাঁদনি তলে, অমনি নীলাভ জলে,
অমনি মধুর স্রোতে সংগীত মতন,
বহিয়া না যায় কেন মানব জীবন?
বাসন্তী চন্দ্রিমা মাখা চারু নীলাম্বর
                       মধুরে কেমন
মিশিয়াছ অন্য তীরে, মিশিয়াছ নীল নীরে
বঙ্কিম রেখায়; কেন মিশে না তেমন
অনন্তের সহ এই মানব জীবন?
                        মানব জীবনে
এত আশা ভালবাসা, এতই নিরাশা
                      এত দুঃখ কেন?
প্রেমের প্রবাহ হায়! কেন না বহিয়া যায়
এমন মধুরে, কেন আকাঙ্ক্ষা স্বপন,
নাহি হায় হায়! শান্ত মধুর এমন!