হায়, আমি কি করিলাম এত দিন।
দিন যত গত তত, দিন দিন দিন॥
বৃথায় হইল জনু, বৃথায় হয়েছি মনু,
অতনু-শাসনে তনু তনু অনুদিন।
ভাবে নাহি ভাবি ভাবি, কার ভাবে মিছা ভাবি,
না ভাবিয়া ভবভাবী, ভেবে হই ক্ষীণ॥
আমার ভাবিয়া সার, হারাইয়া সর্বসার,
কত বা গণিব আর এই দুই তিন।
সহজ আমার ভাই, সহজে না দেখা পাই,
জলে থেকে পিপাসায় মরে যথা মীন॥
সহজে যেরূপ কই, সহজে সেরূপ নই,
মিছা করি হইহই হয়ে বোধহীন।
নাহি হয় অনুভব, এ দেহ হইলে শব,
কোথা ভব, কোথা রব, কোথা হব লীন॥
প্রবৃত্তির অনুরোধ, মাতিয়া বিষম ক্রোধে,
এখন আপন বোধে হতেছি প্রবীণ।
কাল-করী-হরি, হরি, হরিনাম পরিহরি,
বৃথা কেন কাল হরি হয়ে পরাধীন।
ডাকে প্রভাকর—কর, কোথা প্রভাকর—কর,
প্রকাশিয়া প্রভাকর শুভদিন দিন॥