মেঘলা থম্‌ থম্‌ সূর্য-ইন্দু
        ডুবল বাদ্‌লায় দুল্‌ল সিন্ধু!
        হেম-কদম্বে তৃণ-স্তম্বে
        ফুট্‌ল হর্ষের অশ্রু বিন্দু!

                    মৌন নৃত্যে মগ্ন খঞ্জন,
                    মেঘ-সমুদ্রে চল্‌ছে মন্থন!
                    দগ্ধ-দৃষ্টি বিশ্ব-সৃষ্টির
                    মুগ্ধ নেত্রে স্নিগ্ধ অঞ্জন!

        গ্রীষ্ম নিঃশেষ! জাগছে আশ্বাস।
        লাগছে গায় কার গৈরী নিঃশাস!
        চিত্ত-নন্দন দৈবী চন্দন
        ঝরছে, বিশ্বের ভাস্‌ছে দিশ্‌পাশ।

                    ভাস্‌ছে বিলখাল ভাস্‌ছে বিলকুল্‌!
                    ঝাপ্‌সা ঝাপ্‌টায় হাস্‌ছে জুঁই ফুল!
                    ধান্য শীষ্‌ তার কর্‌ছে বিস্তার—
                    তলিয়ে বন্যায় জাগ্‌ছে জুল্‌জুল!

        সান্দ্র বর্ষণ হর্ষ কল্লোল!
        ঝিল্লী-গুঞ্জন মঞ্জু হিল্লোল!
        মূর্চ্ছে বীণ্‌ আর মূর্চ্ছে বীণ্‌কার—
        মূর্চ্ছে বর্ষার ছন্দ-হিল্লোল!