"হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল     সাদাকে বল্‌ছিলি লাল?
(আর) সেদিন নাকি রাত্রি জুড়ে     নাক ডেকেছিস বিশ্রী সুরে?
(আর) তোদের পোষা বেড়ালগুলো     শুনছি নাকি বেজায় হুলো?
(আর) এই যে শুনি তোদের বাড়ি     কেউ নাকি রাখে না দাড়ি?
ক্যান্ রে ব্যাটা ইস্‌টুপিড?     ঠেঙিয়ে তোরে কর্‌ব ঢিট্!"
চোপরাও তুম্ স্পিক্‌টি নট্,     মার্‌ব রগে পটাপট্—
ফের যদি ট্যারাবি চোখ     কিম্বা আবার কর্‌বি রোখ,
কিম্বা যদি অম্‌নি করে     মিথ্যেমিথ্যি চ্যাঁচাস জোরে—
আই ডোন্ট কেয়ার কানাকড়ি—জানিস আমি স্যান্ডো করি?
ফের লাফাচ্ছিস্? অল্‌রাইট্     কামেন্ ফাইট্! কামেন্ ফাইট্!"
"ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি,     টেরটা পাবে আজ এখনি।
আজকে যদি থাকত মামা     পিটিয়ে তোমায় কর্‌ত ঝামা।
আরে! আরে! মার্‌বি নাকি?     দাঁড়া একটা পুলিশ ডাকি!
হাঁহাঁহাঁহাঁ! রাগ ক’রো না,     কর্‌তে চাও কি তাই বল না?"
"হ্যাঁ হ্যাঁ তাতো সত্যি বটেই     আমি তো চটি নি মোটেই!
মিথ্যে কেনো লড়তে যাবি?     ভেরি-ভেরি সরি মসলা খাবি?
’শেক্‌হ্যান্ড’ আর’দাদা’ বল     সব শোধ বোধ ঘরে চল।
ডোন্ট পরোয়া অল্ রাইট্     হাউ ডুয়ুডু গুড্ নাইট্।"