গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি,
ঝুরঝুরে প’ড়ো ঘরে থুর্‌থুরে বুড়ি।
কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো,
মিট্‌মিটে ঘোলা চোখ, পিঠখানা কুলো।
কাঁটা দিয়ে আঁটা ঘর— আঠা দিয়ে সেঁটে,
সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে।
ভর দিতে ভয় হয় ঘর বুঝি পড়ে,
খক্ খক্ কাশি দিলে ঠক্ ঠক্ নড়ে।
ডাকে যদি ফিরিওয়ালা, হাঁকে যদি গাড়ি,
খসে পড়ে কড়িকাঠ ধসে যদি বাড়ি।
বাঁকাচোরা ঘরদোর ফাঁকা ফাঁকা কত,
ঝাঁট দিলে ঝ’রে পড়ে কাঠকুটো যত। 
ছাদগুলো ঝুলে পড়ে বাদ্‌লায় ভিজে,
একা বুড়ি কাঠি গুঁজে ঠেকা দেয় নিজে। 
মেরামত দিনরাত কেরামত ভারি,
থুর্‌থুরে বুড়ি তার ঝুর্‌ঝুরে বাড়ি॥