(যদি) কুম্‌ড়োপটাশ নাচে—
    খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে;
    চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে;
    চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে!

(যদি) কুম্‌ড়োপটাশ কাঁদে—
খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে;
উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে;
বেহাগ সুরে গাইবে খালি ‘রাধে কৃষ্ণ রাধে’!

    (যদি) কুম্‌ড়োপটাশ হাসে—
    থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে;
    ঝাপ্‌সা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিস্‌ফাসে;
    তিনটি বেলায় উপোশ করে থাকবে শুয়ে ঘাসে! 

(যদি) কুম্‌ড়োপটাশ ছোটে—
সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে;
হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে;
ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে!

    (যদি) কুম্‌ড়োপটাশ ডাকে—
    সবাই যেন শাম্‌লা এঁটে গামলা চড়ে থাকে;
    ছেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে;
    শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে!

তুচ্ছ ভেবে এ-সব কথা করছে যারা হেলা,
কুম্‌ড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা।
দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে,
আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে।