বঁধুয়া, হিয়া-পর আও রে!
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মৃদু ভাষয়ি,   হমার মুখ-’পর চাও রে!
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত,   শ্যাম, তু আওলি না—
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর   মুরলি বজাওলি না!
লয়ি গলি সাথ বয়ানক হাস রে,   লয়ি গলি নয়ন-আনন্দ!
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয মন,   কঁহি তব ও মুখচন্দ!
ইথি ছিল আকুল গোপনযনজল,   কথি ছিল ও তব হাসি!
ইথি ছিল নীরব বংশীবটতট,   কথি ছিল ও তব বাঁশি!
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ   ক্ষণে ভেল অবসান।
লেশ হাসি তুঝ দূর করল রে,   বিপুল খেদ-অভিমান।
ধন্য ধন্য রে, ভানু গাহিছে,   প্রেমক নাহিক ওর।
হরখে পুলকিত জগত-চরাচর   দুঁহুঁক প্রেমরস-ভোর॥